নবীনবরণে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন নাহিদ, হাসনাত, আসিফ
মাহফুজা আক্তার সুমনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় নেতারা।
বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির নেতৃবৃন্দরা।
জানা যায়, আগামী ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে তাঁদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার।
এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে থাকবেন হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাছছিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সদস্য নাঈম ভূঁইয়া বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর ২০তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আশা করি, এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাব।’
শাখা ছাত্রশক্তির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ‘এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো নতুন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটাকে স্মরণীয় করে তোলা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের মাঝে ধারণ ও ছড়িয়ে দেওয়া। আমরা চাই, নতুন শিক্ষার্থীরা জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বকে কাছ থেকে জানার ও তাঁদের অভিজ্ঞতা শোনার সুযোগ পাক। জুলাইয়ের ইতিহাস, ত্যাগ, আকাঙ্ক্ষা এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাঁদের ভাবনা ও পরিকল্পনা নতুনদের সামনে তুলে ধরতে চাই। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাঁদের ইতিবাচক চিন্তা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানারও একটি সুন্দর সুযোগ তৈরি করতে চাই।’
