মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম এইমাত্রঅন্যান্য ২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি এইমাত্রঅন্যান্য ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি ‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’ এইমাত্রঅন্যান্য ‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’ রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন এইমাত্রঅন্যান্য রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫ এইমাত্রঅন্যান্য যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫ রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন এইমাত্রঅন্যান্য জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন
অন্যান্য

গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক:
গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা যাতে একটি বা দুটি বিষয়ে পরিবর্তনের কারণে দীর্ঘদিন পড়াশোনার বাইরে থেকে মাদকাসক্তি কিংবা মোবাইল আসক্তিতে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অধ্যক্ষ সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা চাই না যে কোনো একটি বা একটি দুটি বিষয় চেঞ্জ করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক—আমরা এটা চাই না।’

শিক্ষামন্ত্রী জানান, যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পুনর্নিরীক্ষণের ফলও প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী দিনে রেফার্ড পাওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষাব্যবস্থার অতীত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশে একসময় পরিকল্পনা ছাড়াই বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কোথাও প্রয়োজনের তুলনায় বেশি প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে যথাযথ সমন্বয়ের অভাব ছিল।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। তবে গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে গেছে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাক্রম তৈরি করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা পরিকল্পনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দেওয়া হয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার বিষয় অন্তর্ভুক্ত করে নতুন বই দেওয়া হয়েছে। শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে সরকার কাজ করছে।

শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের চেয়ে গুণগত মান বাড়ানোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কর্মদক্ষ করে গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন। এ জন্য কারিগরি শিক্ষার বিস্তার এবং বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান ও শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অনেক কলেজে অনার্স পর্যায়ে এমন বিষয় চালু রয়েছে, যেখানে শিক্ষক আছেন কিন্তু শিক্ষার্থী নেই। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। কোথাও একজন শিক্ষককে একজন বা দু-তিনজন শিক্ষার্থীর জন্য পাঠদান করতে হচ্ছে। এ পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

পরীক্ষার খাতা মূল্যায়নের অসংগতি তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ৫২ হাজার খাতার গ্রেড পরিবর্তন করতে হয়েছে। এইচএসসির ক্ষেত্রে পরিবর্তন হয়েছে ২৩ হাজার খাতার গ্রেড। শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে এ ধরনের অসংগতি কেন হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসিতে পাসের হার কম হওয়ার পেছনে শিক্ষার্থী, শিক্ষক নাকি সামগ্রিক শিক্ষাব্যবস্থা দায়ী, তা বিবেচনা করতে হবে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ভর্তি কার্যক্রমের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, দেশে উচ্চশিক্ষার জন্য মোট আসন রয়েছে প্রায় ১৫ লাখ। এর মধ্যে প্রায় ছয় লাখ আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। বাকি আসন ও ভর্তি কার্যক্রমের বিষয়টি নিয়েও কাজ চলছে।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের চাকরি ও অন্যান্য দাবি আদায়ে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে। তবে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ রেখে রাজপথে আন্দোলনে না যাওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে পরিকল্পনা নিতে হবে। শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।