মূল লেখায় যান
শনিবার, ২৭ জুন ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন: শি জিনপিং

প্রতিবেদক:
সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন: শি জিনপিং

বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তিত হলেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে চীন তার অঙ্গীকার থেকে কখনোই সরে আসবে না বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে।

শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন শি জিনপিং।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে। একই সঙ্গে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে বেইজিং।

শি জিনপিং জানান, রাষ্ট্র পরিচালনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, সব পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, কৌশলগত সংলাপ গভীর করা এবং রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে চীন প্রস্তুত। পাশাপাশি উভয় দেশের মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার নীতি অনুসরণ করে চীন। দেশটির উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য নতুন সুযোগ ও প্রবৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হবে।

বাংলাদেশের নতুন সরকারের রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে শি জিনপিং বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নিতে চায় চীন।

এ ছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং স্থানীয় সরকার পর্যায়ে বিনিময় ও সহযোগিতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের উন্নয়নেও কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

বৈঠকে জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় আন্তর্জাতিক কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট।

দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।