মূল লেখায় যান
শনিবার, ২৭ জুন ২০২৬, ১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রতিবেদক:
এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় শুক্রবার (২৬ জুন) ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের পর ঝোব, বারখান ও রাখনিসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভব করলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার দুপুরেও কোহলু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এছাড়া চলতি মাসের ৫ জুন লাহোর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনের পর আতঙ্কিত মানুষ বাড়িঘর ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে এবং এর উপকেন্দ্র ছিল কাশ্মীর অঞ্চলে।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। গত কয়েক দশকে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: জিও নিউজ