‘অ্যাড মানি’ সুবিধার সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, সংশোধিত সময়সীমার মধ্যে যেসব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক কার্ডের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সেবা স্থগিত করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি কেবল সংশ্লিষ্ট দুটি নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং সেগুলো আগের মতোই কার্যকর থাকবে।
