নালিতাবাড়ীতে ভটভটি উল্টে মোটরসাইকেল চালকের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে গুরুতর আহত হয়ে মারা গেছেন রাসেল মিয়া (২৮) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক। রোববার (২ আগস্ট) রাতে পৌরশহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার গোজাকুড়া এলাকার নলকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
সূত্র জানায়, রোববার রাত পৌণে আটটার দিকে রাসেল ফুলপুর আমুয়াকান্দা গরুর হাট থেকে ব্যবসায়িক কাজ শেষে ভটভটিযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নালিতাবাড়ী শহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাসেল। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী হাসপাতালের চিকিৎসক তানভীর ইবনে কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
