‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলাম খানের
‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ধরে রেখে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, যারা ‘কমন শত্রু’, তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য বহাল রাখা উচিত। নিজেদের কেন তাদের পক্ষভুক্ত করা হচ্ছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এতে কোনো লাভ হবে না। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। তার দাবি, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং বিএনপি তা পুনঃপ্রতিষ্ঠা করেছে।
১৯৭৫ সালের জানুয়ারিতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা এবং ‘বাকশাল’ গঠনের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম খান বলেন, পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, ১৯৮২ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে এরশাদ সামরিক শাসন প্রতিষ্ঠা করেন এবং কয়েকটি রাজনৈতিক দল সেই শাসন টিকিয়ে রাখতে সহযোগিতা করেছিল।
১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল অংশ নিলেও বিএনপি ওই নির্বাচনে অংশ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যায়। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালের নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় বলে তিনি দাবি করেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, ওয়ান-ইলেভেনের সরকার গণতান্ত্রিক ব্যবস্থা বিকৃত ও ধ্বংসের চেষ্টা করেছে। তার ভাষ্য অনুযায়ী, পরবর্তী ১৬ বছর আওয়ামী লীগ স্বৈরাচারী শাসন চালিয়েছে এবং বিএনপি এর বিরুদ্ধে আন্দোলন করেছে।
তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী এই আন্দোলনে নিহত, গুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিএনপিকে নির্বাচিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব।’
দেশের উন্নয়ন কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। উন্নয়ন বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষ, শ্রমজীবী ও কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হবে বলে মন্তব্য করেন। বিরোধী দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান, তাদের কোনো বক্তব্য বা কর্মকাণ্ড যেন ‘পতিত স্বৈরাচার’ বা ‘ফ্যাসিবাদের’ সুবিধা না করে।
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় পরিবারের প্রধান নারী সদস্যকে মাসে আড়াই হাজার টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির বিরোধিতা না করে আরও ভালো পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
