নড়াইলে সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাসানুর শেখ (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপন করেন হাসানুর শেখ ও তার পরিবারের লোকজন। পরদিন বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম চারাগুলোতে পানি দিতে গেলে মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা তাকে গালমন্দ করেন। সুপারি গাছের চারাগুলো মামুনদের জমির সীমানা ঘেঁষে রোপণ করা হয়েছে বলে অভিযোগ করেন। এ ঘটনার খবর পেয়ে হাসানুর শেখ ও তার ছেলে হাসিবুল প্রতিবাদ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা ভেলা দিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এতে গুরুতর আহত হন হাসানুর ও তার ছেলে। পরে স্বজনেরা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাসানুর শেখকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
