মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
৫০০ টাকার রঙিন মাছে স্বাবলম্বী রায়হান এইমাত্রঅন্যান্য ৫০০ টাকার রঙিন মাছে স্বাবলম্বী রায়হান শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা: অধ্যক্ষ আবু তাহের খান এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা: অধ্যক্ষ আবু তাহের খান কুমিল্লায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য কুমিল্লায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি এইমাত্রঅন্যান্য অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে মাঠে রয়েছে বিএনপি এইমাত্রঅন্যান্য নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে মাঠে রয়েছে বিএনপি ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক মামলার আসামী গ্রেফতার এইমাত্রঅন্যান্য ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক মামলার আসামী গ্রেফতার সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভে ‌সুমনের প্রা‌র্থিতা ঘোষণা এইমাত্রঅন্যান্য সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভে ‌সুমনের প্রা‌র্থিতা ঘোষণা জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ এইমাত্রঅন্যান্য জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ
অন্যান্য

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ

প্রতিবেদক:
জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ

পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে। এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং অভিযানের ঘটনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও করেছে গ্রিন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান।

জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানটির উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, আদায় করা জরিমানার অর্থ ফেরত এবং ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে রোববার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর (বুধবার) দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহযোগিতা করেন। পরিদর্শনের একপর্যায়ে কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তার নজরে আসে। প্রতিষ্ঠানটির দাবি, এসব কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল। প্রতিটি পাত্রে পুনঃপরীক্ষার লেবেল লাগানো ছিল এবং নির্ধারিত মেয়াদও শেষ হয়নি।

তবে কোনো ধরনের নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঘোষণা করা হয় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা তাকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় এক কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের তৈরি সব পণ্য সরকারের যথাযথ কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর বাজারজাত করা হয়। অথচ তিনি আমাদের তৈরি কোনো পণ্য পরীক্ষা করেননি বা সেসব বিষয়ে কিছু বলেননি।’

নজরুল ইসলামের অভিযোগ, অভিযানের সময় তাকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়া হলে ভয়ে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, অভিযানের সময় ওই কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান এবং গ্রিন বায়োটেকনোলজির ঘটনার সঙ্গে পৃথক প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রসঙ্গ জড়িয়ে গণমাধ্যমে বক্তব্য দেন।

এ বিষয়ে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ পরীক্ষাগার পরীক্ষা ছাড়াই একটি কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও তিনি সহায়তা করেছেন।’

সাইফুল ইসলাম জানান, এতে বায়োজিনের ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় বায়োজিনের পক্ষ থেকেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই জরিমানা, পণ্য ধ্বংস ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

অভিযোগের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। আর মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে তৈরি হলে সেটিকে ভেজাল পণ্য বলে। যেহেতু কাঁচামাল মেয়াদোত্তীর্ণ, সেহেতু সেগুলো আর পরীক্ষা করার প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘তারা নিজেদের ল্যাবে পরীক্ষা করে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ হয়নি বলে জানিয়েছেন। তবে সরকার নির্ধারিত পরীক্ষাগার ছাড়া কোনো কোম্পানির ব্যক্তিগত পরীক্ষাগারে পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। তাই কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। তবে আমি কোনো জব্দ তালিকা না করলেও কাঁচামালগুলো ধ্বংস করা হয়েছে। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকিও দিইনি।’

বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রসঙ্গ তোলার কারণ ব্যাখ্যা করে শরীফুল ইসলাম বলেন, ‘গ্রিন বায়োটেকনোলজি শুধু বায়োজিন কসমেসিউটিক্যালসের কাছে পণ্য বিক্রি করে। তাই আমার বক্তব্যে গ্রিন বায়োটেকনোলজির পাশাপাশি বায়োজিন কসমেসিউটিক্যালসের বিষয়টিও উঠে এসেছে।’