মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে এইমাত্রঅন্যান্য বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের এইমাত্রঅন্যান্য নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িভাড়া বাড়ালে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িভাড়া বাড়ালে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী এইমাত্রঅন্যান্য লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় এইমাত্রঅন্যান্য সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন এইমাত্রঅন্যান্য ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা
অন্যান্য

পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ

প্রতিবেদক:
পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ

লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের জয়বাংলা মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে আহত হয়ে মানুষ সেই বার্ন ইউনিটে চিকিৎসা নিতে যেতেন। পরে দলটির নেতাকর্মীরা ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের বিভিন্ন প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।

বাংলাদেশের মানুষ এখন আর কারও কথায় চলবে না উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না।’ সে সময় জনগণকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে বসে তাঁরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম ও খুনসহ নানা অপরাধের অভিযোগ তাঁদের বিরুদ্ধে রয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাঁদের পরিবারের বুক খালি করা হয়েছে। অথচ এখন তাঁরা নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে শামা ওবায়েদ বলেন, জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাঁকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। আওয়ামী লীগ এসব অগ্রগতি মেনে নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস খাত প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতে লাখো নারী শ্রমিক কাজ করে পরিবার পরিচালনা করছেন এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করছেন। অথচ এই শিল্পকে অস্থিতিশীল ও ধ্বংস করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল, উন্নয়ন সহযোগী এবং দেশের মানুষ এসব পরিস্থিতি বুঝতে পারছে। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাঁদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, পোশাকশিল্পে অশান্তি সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রমাণ করে, সংশ্লিষ্টরা শুধু রাজনৈতিকভাবে পরাজিতই নন, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থেরও বিরোধী।

সমাবেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে। জনগণ আর অতীতের মতো কোনো রাজনৈতিক শক্তির কথায় পরিচালিত হবে না।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।