মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে এইমাত্রঅন্যান্য বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের এইমাত্রঅন্যান্য নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িভাড়া বাড়ালে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িভাড়া বাড়ালে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী এইমাত্রঅন্যান্য লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় এইমাত্রঅন্যান্য সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন এইমাত্রঅন্যান্য ১০ মিনিটের ঝড়ে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা
অন্যান্য

বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে

প্রতিবেদক:
বাংলাদেশে সহিংসতা কেন, কারা জড়িত এবং সামনে কী ঘটতে পারে

বাংলাদেশে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সরকারি দল বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি বাংলাদেশের বর্তমান সরকারের পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কেও নতুন চাপ তৈরি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি তৈরি করেছেন জেরেমি ডব্লিউ পিটার্স ও সাইফ হাসনাত। ২২ নভেম্বর প্রতিবেদনটি হালনাগাদ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় সপ্তাহে আওয়ামী লীগের সমর্থকেরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালিয়েছেন বলে পুলিশের দাবি। এসব ঘটনায় গণপরিবহন, থানা ও একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন দলের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুই গণপরিবহনকর্মীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সহিংসতায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

সহিংসতার কেন্দ্র গোপালগঞ্জ

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে বিক্ষোভ ও সহিংসতা সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। সেখানে বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করে প্রায় ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এ সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা এবং এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ এক বিবৃতিতে সহিংসতার দায় অস্বীকার করেছে। দলটির দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছিল এবং অগ্নিসংযোগ বা মানুষের ওপর হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, সহিংসতা দলের রাজনৈতিক উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্য পক্ষকে দমন-পীড়নের অজুহাত তৈরি করে দেয়।

কেন ভারতে নির্বাসনে শেখ হাসিনা?

প্রতিবেদনে শেখ হাসিনার রাজনৈতিক জীবন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পটভূমিও তুলে ধরা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে তাঁর শেষ তিনটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও দমন-পীড়নের অভিযোগ ছিল।

২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলেও পরবর্তী সময়ে তা সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

প্রতিবেদনে জাতিসংঘের আগের হিসাবের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৪ সালের আন্দোলন ও দমন-পীড়নে সর্বোচ্চ প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ সময় ইন্টারনেট বন্ধ এবং ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটে।

পরিস্থিতির মুখে ২০২৪ সালে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনা

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করে নতুন করে আলোচনায় আসেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার তাঁকে এসব নথি দিতে আগ্রহী নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড প্রত্যাখ্যান করেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবাস কিংবা প্রাণহানির ঝুঁকি রয়েছে—এ বিষয়েও তিনি সচেতন বলে জানান।

বাংলাদেশের উপপররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে পলাতক অপরাধী হিসেবে উল্লেখ করে ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন চাপ

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী নয়াদিল্লি।

চলতি বছরের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি পরোক্ষভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সীমান্তের ওপার থেকে নির্দেশনা পাওয়া বিক্ষোভকারীদের প্রসঙ্গও উল্লেখ করেছেন।

ভারত সরকারের একজন মুখপাত্র শুক্রবার বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে এর আগে প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম ভারত সফর। যদিও তারেক রহমান এখনো এ আমন্ত্রণের বিষয়ে সাড়া দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামনে কী ঘটতে পারে?

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বাংলাদেশের চলমান সহিংসতাকে শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট হিসেবে নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্যও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে।

একদিকে শেখ হাসিনার সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতা, অন্যদিকে তাঁর প্রত্যর্পণ এবং ভারতে অবস্থান নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

তবে চলমান পরিস্থিতির পরবর্তী গতিপথ নির্ভর করবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক যোগাযোগের ওপর।