নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশও দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভা সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।
ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
তিনি বলেন, কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশনার।
সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের একাধিক ক্যাটাগরিতে পুরস্কৃত করেন কমিশনার।
