আমি বাজে কথা বলি না, ইতিহাসের সঠিক কথাই বলি: ফজলুর রহমান
‘আমি কোনো সময় বাজে কথা বলি না। ইতিহাসের সঠিক কথাটি বলি। এটাই প্রমাণিত’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান।
রোববার (২২ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘বেজন্মারা আমার কথা না শুনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি বলেছিলাম, একসময় আমরা ভারতীয় ছিলাম। বিএনপি কি এমন দল, যারা ফেসবুকের একটি কথায় বিভ্রান্ত হয়ে যাবে? এগুলো রাজাকাররা করছে, যাদের বিরুদ্ধে আমি গত দুই থেকে আড়াই বছর ধরে লড়াই করছি।’
তিনি আরও বলেন, ‘দেশবাসীকে বলব, আমাকে বিশ্বাস করেন। যারা স্বাধীনতাবিরোধী শক্তি ও পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তাদের আত্মীয়স্বজনের পরবর্তী প্রজন্মের লোকজন আমার নামে অপপ্রচার চালাচ্ছে।’
নিজের বক্তব্যের একটি অংশ কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, ‘আমি খুব কঠিনভাবে কথাটা বললাম। এরা রাজনৈতিক বেজন্মা, যারা আমার কথা না শুনে বক্তব্যের একটি কাটপিস প্রচার করে।’
তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আমরা একসময় ভারতীয় ছিলাম। কিন্তু কথাটি কেটে দিয়ে লেখা হয়েছে, ফজলুর রহমান বলেছেন—আমরা ভারতীয়। এভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এতে কি আমার নেতৃত্ব বা আমার দল বিভ্রান্ত হবে? বিএনপি কি এমন দল, যারা ফেসবুকের একটি কথায় বিভ্রান্ত হয়ে যাবে? আমার পুরো বক্তব্য শুনে তারপর কথা বলেন।’
ফজলুর রহমান আরও বলেন, ‘রাজাকাররা তাদের স্বপ্নের রাজত্ব কায়েম করতে পারছে না বলেই আমার বিরুদ্ধে লেগেছে। তাদের বলব, আগে বক্তব্য শুনুন, তারপর বলুন—কোন জায়গায় আমার ভুল আছে। এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না।’
সবশেষে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে বিশ্বাস করেন। যারা আমার সম্পর্কে সঠিকভাবে জানেন, তারা এসব ভুয়া বক্তব্য বিশ্বাস করবেন না। আমি কোনো সময় বাজে কথা বলি না। ইতিহাসের সঠিক কথাটিই বলি। এটাই প্রমাণিত এবং প্রতিষ্ঠিত।’
