ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু, মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার
ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানোর পর এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই যাত্রীকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ মলম পার্টির বিরুদ্ধে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার আব্দুলপুর জংসনে এই ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মো. মোনারুল ইসলাম। তিনি পাবনা জেলার টেবুনিয়া ঘরনাপাড়া এলাকার নওশের আলীর ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লিজা খাতুন, আব্দুর রহিম, মরশেদ আলী এবং মো. হৃদয়। তাদের বাড়ি কিশোরগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলায়।
এবিষয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের সময় কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় মোনারুল ইসলাম সংঘবদ্ধ মলম পার্টির কবলে পড়েন।
এ সময় চক্রের সদস্যরা তার কাছে থাকা টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর আব্দুলপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন অভিযুক্ত চারজন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা ওই যাত্রীর সর্বস্ব ছিনতাই এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, প্রাথমিক তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
