নভেম্বরে সারাদেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা
নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি এসব পরিসংখ্যান তুলে ধরেন।
তথ্য উপদেষ্টা জানান, গত ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
তিনি বলেন, ‘যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এসব কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল বেআইনি। সে কারণে মামলা ও গ্রেপ্তার চলছে।’
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, পুলিশের স্থাপনায় হামলা হয়েছে চারটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৮টি। এ ছাড়া পুলিশের স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার বিষয়ে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, ব্যাংকটির শাখায় মোট ৩৪টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ২৩টি। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আটটি মামলা, ১৯টি জিডি হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা জানা গেছে। পাশাপাশি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করেছেন।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
