প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য নির্ধারিত সম্মিলিত ১৫০ টাকার বাজেট বাতিল এবং পুষ্টিকর খাবারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে খাবার নিয়ে আসার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
তবে প্রধানমন্ত্রী ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণ করতে পারবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে সংবিধানের ২১(১), ২১(২) ও ১৮(১) অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য জনগণের সেবা করার চেষ্টা করা। অন্যদিকে ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধন রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য।
নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে ১৫০ টাকা ব্যয় করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও একই পরিমাণ অর্থের অভিন্ন বাজেট নির্ধারণ করা হয়েছে।
আইনি নোটিশে নির্বাচিত রাজনৈতিক নেতা ও প্রজাতন্ত্রের কর্মচারীদের সাংবিধানিক এবং কার্যগত পার্থক্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। তিনি ব্যক্তিগত জীবনযাপন, মিতব্যয়িতা বা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ১৫০ টাকার মধ্যে খাবার গ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে তার ব্যক্তিগত ইচ্ছা ও রাজনৈতিক বিবেচনার স্বাধীনতা রয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। নোটিশে দাবি করা হয়, ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব। এতে কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হতে পারে, যা জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নোটিশে আগামী ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাদের সুষম পুষ্টি ও কর্মশক্তি নিশ্চিত করতে খাবারের সরকারি বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো অথবা বাসা থেকে নিজস্ব পুষ্টিকর খাবার নিয়ে আসার আনুষ্ঠানিক নির্দেশ জারির আহ্বান জানানো হয়েছে।
