মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

প্রতিবেদক:
চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে চালু করা হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও প্রয়োজনীয় তথ্য এক প্ল্যাটফর্ম থেকে পেতে পারবেন।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন জানায়, প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে-স্টোরে পর্যালোচনা শেষে এটি অ্যান্ড্রয়েড ও অ্যাপল স্টোরেও পাওয়া যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে সেবা নেওয়া যাবে। পাশাপাশি ০১৯৬১৬০৬০৬০ নম্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে।

‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। একই সঙ্গে আবেদনের অগ্রগতিও অ্যাপের মাধ্যমে জানা যাবে।

এ ছাড়া অ্যাপ ব্যবহার করে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এনজিও ও লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি সংক্রান্ত কার্যক্রম, সহায়তাসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই জেলা প্রশাসনের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও ভোগান্তি কমবে। জেলা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্ভাবনী কার্যক্রম জেলা প্রশাসনের সেবা মানুষের আরও কাছে পৌঁছে দেবে এবং সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপ সেই প্রচেষ্টার একটি কার্যকর উদাহরণ। এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নাগরিকদের মতামত ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি কার্যকর ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অ্যাপটিকে ধাপে ধাপে আরও উন্নত করা হবে। ভবিষ্যতে নতুন নতুন সেবা যুক্ত করে এটিকে জেলা প্রশাসনের একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।