২২ দিনেই দেশে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২২ জুলাই পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৭০ মিলিয়ন বা ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২২ জুলাইই এসেছে ৭৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৫৯ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।
এদিকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বর্তমানে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM6) পদ্ধতি অনুযায়ী, দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
