জার্মানিতে তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ১০ হাজার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
চলতি বছরে জার্মানিজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দাবদাহের কারণে সৃষ্ট স্বাস্থ্য জটিলতায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই)।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত আরকেআইয়ের সাপ্তাহিক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে প্রায় ৯ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ৭৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, যারা অতিরিক্ত গরমে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন।
আরকেআইয়ের বিশ্লেষণে দেখা গেছে, যেসব সপ্তাহে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, সেসব সময় দেশে স্বাভাবিকের তুলনায় মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ কারণে তাপপ্রবাহকে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করছে সংস্থাটি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চলতি গ্রীষ্মে জার্মানির কিছু অঞ্চলে তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত জুন মাসেও জার্মানি রেকর্ড ভাঙা তাপদাহের সম্মুখীন হয়। সে সময় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়াবিদদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে চরম আবহাওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। এর ফলে ঘন ঘন তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী দাবদাহ এবং তাপজনিত স্বাস্থ্যঝুঁকি আগের তুলনায় অনেক বেশি প্রকট হয়ে উঠছে।
