নড়াইলে ইলেকট্রনিক কেটলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলায় পানি গরম করা ইলেকট্রনিক কেটলি দিয়ে চা বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম মোহাম্মদ তানভীর (১৫)। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অবসর সময় তানভীর বাবার চায়ের দোকানে বিভিন্ন কাজে সগোযোগিতা করতেন। সোমবার সকাল ৮টার দিকে তানভীর তার বাবার চায়ের দোকানে ইলেকট্রনিক কেটলিতে পানি গরম করে চা তৈরির কাজ করছিলেন।
এ সময় অসাবধানবশত ইলেকট্রনিক কেটলি থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তানভীরের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
