‘যেকোনো বিদেশি সামরিক ব্যবস্থার চেয়ে এগিয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি’
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনে রেজা দাবি করেছেন, দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক সক্ষমতা অঞ্চলের যেকোনো আমদানিকৃত প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে উন্নত।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, “শত্রুর সক্ষমতা ক্রমেই দুর্বল হওয়ার লক্ষণ স্পষ্ট হচ্ছে। অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষা শিল্পের ওপর নির্ভর করে যেকোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
তিনি আরও বলেন, “যেসব দেশ আমদানিকৃত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করছে, তারা শিগগিরই বুঝতে পারবে যে ইরানের নিজস্ব প্রযুক্তি অঞ্চলের যেকোনো ব্যবস্থার চেয়ে উন্নত।”
এদিকে, বুধবার প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের দীর্ঘপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (ATACMS) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (PrSM)-এর প্রায় পুরো মজুত ব্যবহার করে ফেলেছে। ফলে পেন্টাগনের গোলাবারুদের মজুত ‘উদ্বেগজনকভাবে কমে গেছে’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দাবি এবং সিএনএনের প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
