নেতানিয়াহুসহ হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল চত্বরে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী এবং হাজারো ইসরায়েলি শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পূর্ব জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত পশ্চিম দেয়াল (ওয়েস্টার্ন ওয়াল) চত্বরে প্রবেশ করেছেন। ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে তারা সেখানে প্রবেশ করেন।
জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়, পুরনো শহরের ওয়াদি স্ট্রিট হয়ে হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল চত্বরে প্রবেশ করেন। এর আগে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ বাব আল-রহমার কাছে প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের আহ্বান জানানো হয়েছিল।
ইয়োম কিপুর বা ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস সামনে রেখে এসব কর্মসূচির আয়োজন করা হয়। ইসরায়েলি বিভিন্ন গোষ্ঠী ইয়োম কিপুরের আগে ‘সেলিহত’ নামে বিশেষ প্রার্থনার জন্য বাব আল-রহমার বাইরের অংশে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিল। ইয়োম কিপুর শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর।
এদিকে, পশ্চিম দেয়াল নিয়ে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও ঐতিহাসিক দাবি-দাওয়া রয়েছে। ইসরায়েল দেয়ালটিকে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, জেরুজালেম ইসলামিক ওয়াকফ প্রশাসন ও ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের দাবি, পশ্চিম দেয়ালটি ইসলামি পবিত্র স্থাপনাগুলোর অংশ।
পশ্চিম দেয়াল চত্বরটি ইসরায়েলি কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা খোলা রাখে। সেখানে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা এবং বিভিন্ন সরকারি কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রবেশপথগুলোতে নিরাপত্তা তল্লাশিও চালানো হয়।
ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আল-আকসা মসজিদ এলাকায় উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। তারা ফিলিস্তিনিদের আল-আকসায় সমবেত হয়ে ইসরায়েলিদের প্রবেশ ঠেকানোর আহ্বান জানিয়েছে।
ইহুদিদের ধর্মীয় উৎসবের মৌসুম শুরু হয়েছে ১২ ও ১৩ সেপ্টেম্বর হিব্রু নববর্ষের মধ্য দিয়ে। এরপর ২১ সেপ্টেম্বর ইয়োম কিপুর, ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সুক্কট এবং ৩ অক্টোবর সিমহাত তোরাহ পালিত হবে।
জেরুজালেম গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে ইসরায়েলিদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
