নন্দীগ্রামে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরি
নন্দীগ্রামে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং মন্দিরে থাকা কাঁসার বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটির হাঁস ডহরপুর কালীমন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে মন্দিরে পূজা-আরাধনা শেষে তিনি বাড়িতে চলে যান। শুক্রবার সকাল ৮টার দিকে মন্দিরে এসে তিনি প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং কাঁসার বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে মন্দিরের পাশের একটি ডোবা থেকে ভাঙচুর করা প্রতিমাটি উদ্ধার করা হয়। মন্দির থেকে চুরি হওয়া জিনিসপত্রে মধ্যে রয়েছে কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
