মূল লেখায় যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

প্রকৃতির গল্প লিখে যাওয়া সাংবাদিক আহমেদ গিয়াস আর নেই

প্রতিবেদক:
প্রকৃতির গল্প লিখে যাওয়া সাংবাদিক আহমেদ গিয়াস আর নেই

কক্সবাজারের সমুদ্র, নদী, জীববৈচিত্র্য ও প্রকৃতির নানা অনুষঙ্গ নিয়ে যিনি লিখেছেন, অনুসন্ধান করেছেন, তুলে ধরেছেন প্রকৃতির অজানা গল্প, সেই সাংবাদিক আহমেদ গিয়াস আর নেই।

নির্লোভ, অনুসন্ধানী ও প্রকৃতিপ্রেমী সাংবাদিক হিসেবে পরিচিত এই সংবাদকর্মী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আহমেদ গিয়াসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে আহমেদ আবরার।

আবরার জানান, তিনি কলেজে থাকাকালে খবর পান, তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজারের খুটাখালীতে আহমেদ গিয়াসের গ্রামের বাড়ি। তবে তিনি দীর্ঘদিন ধরে শহরের দরিয়ানগর এলাকায় একটি জরাজীর্ণ বাড়িতে বসবাস করতেন। সাংবাদিকতায় দীর্ঘ সময় কাটালেও তার ব্যক্তিজীবন ছিল সাদামাটা। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের মতো করে অনুসন্ধান ও গবেষণার কাজ চালিয়ে গেছেন।

আহমেদ গিয়াস চট্টগ্রামের প্রাচীন সংবাদপত্র দৈনিক আজাদীর কক্সবাজারের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক কক্সবাজার, দৈনিক যায়যায়দিন ও দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেছেন।

তবে তার সাংবাদিকতার পরিচয় শুধু সংবাদ সংগ্রহ কিংবা প্রচলিত প্রতিবেদনে সীমাবদ্ধ ছিল না। কক্সবাজারের প্রকৃতি, সমুদ্র ও জীববৈচিত্র্য ছিল তার আগ্রহ ও অনুসন্ধানের অন্যতম প্রধান ক্ষেত্র।

সাগরলতা, তিমি, লাল কাঁকড়া, বাঁকখালী নদী এবং সমুদ্রসৈকতের পরিবেশগত নানা বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন গবেষণাধর্মী প্রতিবেদন করেছেন। এসব প্রতিবেদনের মধ্য দিয়ে কক্সবাজারের প্রকৃতি ও পরিবেশের নানা অজানা দিক তুলে ধরার পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিবেশগত বিষয়গুলোকে জনপরিসরে আলোচনায় এনেছেন।

তার অনুসন্ধানী লেখালেখি কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার আলোচনাতেও ভূমিকা রেখেছে বলে তার সহকর্মীদের অনেকে মনে করেন। প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে বিষয় অনুসন্ধানের আগ্রহ তাকে অন্য অনেক সাংবাদিকের চেয়ে আলাদা পরিচিতি দিয়েছিল।

সাংবাদিকতা জীবনের একপর্যায়ে, বিশেষ করে ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময়, পুলিশের হামলার শিকার হওয়ার ঘটনা তার জীবনে প্রভাব ফেলেছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এরপর আগের মতো রাজনৈতিক ও ক্ষমতাকেন্দ্রিক অনুসন্ধানী সাংবাদিকতায় তাকে ততটা সক্রিয় দেখা যায়নি। বরং ক্রমেই তিনি সমুদ্র, নদী, জীববৈচিত্র্য ও প্রকৃতি নিয়ে গবেষণাধর্মী সাংবাদিকতায় বেশি মনোযোগী হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবনে অভাব-অনটনের মধ্যেও প্রকৃতি নিয়ে তার অনুসন্ধান থেমে থাকেনি। কক্সবাজারের সমুদ্র ও পরিবেশের নানা বিষয় নিয়ে তার লেখালেখি তাকে প্রকৃতিপ্রেমী সাংবাদিক হিসেবে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়।

সাংবাদিকদের মতে, আহমেদ গিয়াসের মৃত্যুতে কক্সবাজার হারাল এমন একজন সাংবাদিককে, যার আগ্রহ ছিল প্রকৃতির আড়ালে থাকা গল্প খুঁজে বের করা। তার লেখা ও গবেষণাধর্মী প্রতিবেদনগুলো কক্সবাজারের প্রকৃতি, পরিবেশ ও সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।