নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিন শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে দেওয়া হচ্ছে ভেন্টিলেটর সাপোর্ট।
সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৪৮ শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।
কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদরাসার দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুন লাগে। এতে পুরো এলাকায় প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
