প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে, ফাং ওয়েনজুন হলেন আব্দুর রহমান
ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে তাদের এই বিয়ে এখন লক্ষ্মীপুরজুড়ে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
সুমাইয়া আক্তার জানান, প্রায় এক বছর আগে শখের বশে খোলা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ফাং ওয়েনজুনের সঙ্গে তার পরিচয় হয়। শুরুতে বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ থেকে ওই যুবক তাকে বার্তা পাঠান। প্রথম দিকে সুমাইয়া সাড়া না দিলেও পরে বাংলাদেশের প্রতি তার গভীর আগ্রহ দেখে কথা বলা শুরু করেন।
একপর্যায়ে আলাপচারিতার মধ্যে ফাং ওয়েনজুন বাংলাদেশে এসে তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। তখন সুমাইয়া জানান, তিনি একজন মুসলিম নারী। তাকে বিয়ে করতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। যুবকটি এতে সানন্দে রাজি হন।
পরে উভয় পরিবারের সম্মতিতে সম্প্রতি চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফাং ওয়েনজুন। সেখান থেকে তাকে লক্ষ্মীপুরে নিয়ে আসা হয়। জানা গেছে, চীনে তার মা ও এক ভাই রয়েছেন।
সংগৃহীত নথি অনুযায়ী, গত ১৮ নভেম্বর লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের হলফনামা দাখিল করেন ফাং ওয়েনজুন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। এতে আল্লাহর একত্ববাদ ও হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করার পাশাপাশি ইসলামের মৌলিক বিধিবিধান মেনে চলার অঙ্গীকার করেন তিনি।
ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় আব্দুর রহমান। তবে পাসপোর্টসহ অন্যান্য দাপ্তরিক নথিতে তার আগের নামই বহাল রয়েছে। পরে ইসলামি শরিয়াহ ও আইনগত প্রক্রিয়া মেনে তাদের কাবিন ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নববধূ সুমাইয়া আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের মুক্তার হোসেন ও তাসলিমা আক্তারের মেয়ে। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া বিয়ের পর স্বামী আব্দুর রহমানকে নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নানার বাড়িতে অবস্থান করছেন।
ভিনদেশি যুবকের সঙ্গে সুমাইয়ার বিয়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও দেখা দেয়। সাম্প্রতিক সময়ে বিদেশি কিছু প্রতারক চক্র বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের বিদেশে নিয়ে পাচার বা বিক্রি করে দিচ্ছে—এমন আশঙ্কার কথাও আলোচনায় আসে।
তবে এসব আশঙ্কা নাকচ করে সুমাইয়া আক্তার জানান, তাদের বিয়ে সম্পূর্ণ বৈধভাবে এবং দুই পরিবারের সম্মতিতে হয়েছে। তিনি বলেন, অনেকেই বিদেশি চক্রের মাধ্যমে পাচারের আশঙ্কার কথা বলছেন। কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। তার পাসপোর্ট, হলফনামা ও কাবিননামাসহ সব বৈধ কাগজপত্র রয়েছে। তার মা ও ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলেই স্বামী বাংলাদেশে এসেছেন। স্বামীকে পেয়ে তিনি ভালো আছেন বলেও জানান।
এদিকে, চীন থেকে এক যুবক এসে স্থানীয় তরুণীকে বিয়ে করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে উৎসুক মানুষ ও সংবাদকর্মীদের ভিড় জমছে। স্থানীয় বাসিন্দারাও ভিনদেশি জামাইকে দেখতে আসছেন এবং নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন।
