জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীর ও গলায় রশি পেঁচানো ছিল। নিহত রাব্বি হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবাজার মহল্লার খলিল প্রামাণিক ওরফে সাদ্দামের ছেলে। সে পেশায় অটোভ্যানচালক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার জামুর বাজার এলাকা থেকে রাব্বি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ২০ নভেম্বর তার বাবা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। শনিবার সকালে কৃষকরা মাঠে গিয়ে স্থানীয় কৃষক মামুনের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
