মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

পুকুর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদক:
পুকুর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে পুকুর থেকে রবিউল নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলী মিয়ার ছেলে রাহাত (২১) ও একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)। রবিবার (২২ নভেম্বর) সকালে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমিজ রায়হান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে অনুষ্ঠিত ওরস মাহফিলে বন্ধুদের সাথে বাউল গান শুনতে যায় মো. রবিউল হোসেন। গান শোনার সময় ওই এলাকার স্থানীয় তরুনদের সাথে মারামারির ঘটনা ঘটে তাদের। এরপর ওই এলাকার তরুনরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ওপর আক্রমন করে ও রবিউলের বন্ধু রাফিকে ধরে মারপিট করে। আতঙ্কগ্রস্থ হয়ে রবিউল দৌড় দিলে হামলাকারীরা তার পিছু নেয়। এরপর থেকে রবিউল নিখোঁজ ছিল। নিখোঁজের দ্বিতীয়দিন রাতে ঘটনাস্থলের পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে।

নিহত রবিউল (১৯) উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। সে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত ছিল।

নিহতের ভগ্নিপতি ও এ ঘটনায় হওয়া মামলার বাদী জহিরুল ইসলাম নিহত রবিউলের বন্ধুদের বরাত দিয়ে বলেন, গ্রেপ্তারকৃত রাহাতের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা রমিজ রায়হান বলেন, এঘটনায় ৭-৮ জনের নাম উল্লেখ করাসহ ১৫-২০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের হয়েছে। এঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ও আসামীদের রিমান্ড মঞ্জুর হলে রবিউলের মৃত্যুর কারন ও ঘটনা নিশ্চিত হওয়া যাবে।