হঠাৎ নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন
হঠাৎ রাজনীতিতে আসেননি কিংবা রাতারাতি নেতা হয়ে ওঠেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা শুরু করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই মানুষ তাঁকে চিনেছে। সব সময় সহনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনার চেষ্টা করেছেন। একজন তরুণ হিসেবে জাতীয় রাজনীতিতে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তা রাখার চেষ্টা করেছেন।
রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে সহনশীল হতে হবে। তবে গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একের পর এক লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং দলটিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জুলাইয়ের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরও ঐক্যের কথা বলেছেন। সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐক্যের প্রশ্নে তাঁরাও সব সময় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। প্রয়োজনে ছাড় দিতেও তাঁরা প্রস্তুত।
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল একই সনদে স্বাক্ষর করে একমত হয়েছে। সরকারও সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ফলে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা কিংবা শর্ত আরোপের কোনো যৌক্তিকতা নেই।
