বাজেট ২০২৬–২৭ পর্যালোচনা: টেকসই উন্নয়নে শিক্ষা, গবেষণা ও সুশাসনে গুরুত্বারোপ
জাতীয় বাজেট ২০২৬–২৭ বাস্তবায়নে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সুশাসনভিত্তিক বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা। তাঁরা বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
গ্রিন ইউনিভার্সিটির গ্রিন বিজনেস স্কুল (জিবিএস) আয়োজিত ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬–২৭: পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (৭ জুলাই) পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ। প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। আলোচনায় অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং ব্র্যাক ইউনিভার্সিটির লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।
সেমিনারে বাজেটের বিভিন্ন দিক নিয়ে গবেষণাভিত্তিক উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী ফয়সাল বিন আবির ও তাহমিদ ফেরদৌস। তাঁরা বাজেটের আকার, প্রবৃদ্ধির লক্ষ্য, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ, বিনিয়োগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয় ও কৃষিখাতের অগ্রাধিকার বিষয়ে বিশ্লেষণ তুলে ধরেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে কার্যকর বিনিয়োগ প্রয়োজন। একই সঙ্গে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণার পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
ড. ফাহমিদা খাতুন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ কমানো, আর্থিক সুশাসন নিশ্চিত করা এবং কর্মসংস্থান বৃদ্ধিমুখী নীতি গ্রহণ জরুরি।
অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারত্ব প্রয়োজন।
গ্রিন বিজনেস স্কুলের চেয়ারপার্সন ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জাতীয় বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি দেশের উন্নয়ন দর্শন ও ভবিষ্যৎ অগ্রাধিকারের প্রতিফলন। বাজেট নিয়ে এ ধরনের গবেষণাভিত্তিক আলোচনা শিক্ষার্থীদের নীতি বিশ্লেষণ ও সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা বাড়াতে সহায়তা করে।
সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীরা বাজেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
