প্রধানমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় ট্রাম্প
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।
চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান তিনি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি উল্লেখ করেন।
