৮ম এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগের দাবিতে মানববন্ধন
৮ম এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত মৌখিক (ভাইভা) পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবিতে গতকাল ১ আগস্ট, ২০২৬ (শনিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে “৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ”।
মো: রেজাউল করিমের সঞ্চালনায় এবং পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ড. মো. এমদাদুল ইসলাম, মো. তারিকুল ইসলাম, মল্লিক আছাদুর রহমান, মোল্লা শহিদুল ইসলাম, ড. মো. শহিদুল ইসলাম, ড. মো. আলমগীর হোসেন, মো. রুহুল আমীন, মো. নজরুল ইসলাম, ফৌজিয়া খানম অশ্রু, মো. হুমায়ুন কবির, মো. কামরুল আহসান, মো. নওশাদ আলমসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় প্রায় ৩১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তারা দাবি করেন, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ প্রক্রিয়া ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য, যা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীও সন্তোষ প্রকাশ করেছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো ভাইভা পরীক্ষার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। ফলে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো যোগ্য ও মেধাবী প্রার্থী চরম অনিশ্চয়তা, মানসিক উদ্বেগ ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
বক্তারা আরও বলেন, গত ২৮ জুলাই ২০২৬ দেশের সকল জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর দ্রুত ভাইভা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা বলেন, বর্তমানে দেশের ১২,৯৫১টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানের বিপুল সংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব পদে দ্রুত নিয়োগ সম্পন্ন হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় বিরূপ প্রভাব পড়ছে। এমন বাস্তবতায় দ্রুত ভাইভা সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া এখন সময়ের দাবি বলে মনে করেন আন্দোলনরত নিয়োগ প্রত্যাশী প্রার্থীরা। মানববন্ধনে প্রার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ভাইভার সময়সূচি ঘোষণা, মৌখিক পরীক্ষা সম্পন্ন এবং নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার স্বার্থে দীর্ঘসূত্রিতা পরিহার করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
