ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. নূরজাহান সরকার একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। বাংলাদেশের জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও এবিষয়ক গবেষণায় তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. নূরজাহান সরকার ১৯৪৮ সালে ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ সালে ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। জীব-বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১৫’-সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বন্যপ্রাণী বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে।
অধ্যাপক ড. নূরজাহান সরকার-এর মৃত্যুতে প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকে বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া শোক প্রকাশ করেছেন।
