লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচার, ৯.৪ কেজি গাঁজাসহ আটক ৩
লালমনিরহাট সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কাজলীর বাজার সংলগ্ন সতী নদীর তীরের পাকা রাস্তার ওপর স্থানীয়দের সহায়তায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মোঃ মঞ্জুর আলম (৪০) ও মোঃ লিটন (৩০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার মোঃ হারুন অর রসিদ (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অভিযুক্তরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান নিয়ে যাচ্ছিলেন। তবে তাদের চলাচল ও কথাবার্তায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে সাহসিকতার সাথে স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয়বাসিন্দাদের উপস্থিতিতে আসামিদের তল্লাশি চালিয়ে ৯ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
