২০ বছরে হয়নি উন্নয়ন, পরিবর্তন শুরু মাজবাড়ীতে: কে এম নইমুল
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হক। শনিবার বিকেলে আয়োজিত এ সভায় তিনি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় কে এম নইমুল হক বলেন, বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, তবে বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন এসেছে। এলাকাকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, নাগরিক সেবা সহজীকরণ, ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, মাসিক গণশুনানি, অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়নকাজের প্রকাশ্য হিসাব প্রকাশ, রাস্তাঘাটের সংস্কার, আলোকিত জনপথ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি এবং তরুণদের দক্ষতা উন্নয়ন তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।
পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং নির্ধারিত সময়ের মধ্যে সব উন্নয়ন কাজের অগ্রগতি জনগণের সামনে প্রকাশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, দীর্ঘ তিনবারের মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কে এম নইমুল হক আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।
আব্দুল মমিন মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নিরব বাবু, প্রকৌশলী কে এম নাহিদ সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মাজবাড়ী ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও স্থানীয় নানা সংকট নিয়ে আলোচনা করেন।
