জবির আধুনিকীকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন ৪ অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিকীকৃত কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ জুন জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম আধুনিকায়ন ও শিক্ষার্থীদের টয়লেট নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। পরে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়।
