ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর
চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের জরিমানা ছাড়াই এসব কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলের বিষয়ে সংশোধিত বিধান কার্যকর হয়েছে। এর ফলে তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের সুযোগ তৈরি হওয়ায় অনেক প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন জমা দেয়নি।
এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (৩)-এ দেওয়া ক্ষমতাবলে যেসব প্রতিষ্ঠান এখনো জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিল করেনি, তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না।
আদেশে আরও বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন কর মেয়াদের ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে দাখিল করতে হবে।
