ইরানে হতে পারে পারমাণবিক হামলা, টিভিতে প্রচার হচ্ছে জরুরি নির্দেশনা
সম্ভাব্য পরমাণু হামলা থেকে বাঁচতে নাগরিকদের জন্য পাঁচটি জরুরি নির্দেশনা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিস্ফোরণের ঝলকানি না দেখা, নিরাপদ আশ্রয়ে অবস্থান, শরীর থেকে তেজস্ক্রিয় ধূলিকণা পরিষ্কার এবং অন্তত ২৪ ঘণ্টা ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো সম্ভাব্য পরমাণু হামলার পরিস্থিতিতে নাগরিকদের করণীয় নিয়ে একটি সচেতনতামূলক ভিডিও প্রচার করে।
প্রতিবেদনে উল্লেখ করা পাঁচটি নির্দেশনা হলো—
১. বিস্ফোরণের ঝলকানি থেকে চোখ সরিয়ে নিতে হবে
পরমাণু বিস্ফোরণের তীব্র আলোর দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়েছে। বাইরে থাকলে দ্রুত কোনো শক্ত দেয়াল বা আড়ালের পেছনে আশ্রয় নিতে, মাটিতে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে বলা হয়েছে।
২. বিস্ফোরণের পর নিকটবর্তী ভবনে আশ্রয় নিতে হবে
বিস্ফোরণের প্রাথমিক ধাক্কা কেটে গেলে দ্রুত নিকটবর্তী ভবনে প্রবেশ করতে বলা হয়েছে। ভবনের জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। গাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার না করা এবং বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখা বা ছবি তোলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
৩. শরীর থেকে তেজস্ক্রিয় ধূলিকণা পরিষ্কার করতে হবে
তেজস্ক্রিয় ধূলিকণার সংস্পর্শে আসার আশঙ্কা থাকলে সাবান ও পানি দিয়ে শরীরের উন্মুক্ত অংশ ধুয়ে ফেলতে বলা হয়েছে। সম্ভব হলে বাইরের পোশাক সাবধানে খুলে আলাদা ব্যাগে রাখতে হবে। পোশাক খোলার সময় ঝাঁকানো যাবে না।
৪. অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে হবে
পরমাণু বিস্ফোরণের পর অন্তত ২৪ ঘণ্টা ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার ব্যবহারের নির্দেশনা রয়েছে। পাশাপাশি জানালা-দরজা বন্ধ রাখা এবং বাইরের বাতাস প্রবেশ করে এমন শীতাতপ নিয়ন্ত্রণ ও বায়ু চলাচল ব্যবস্থা বন্ধ রাখার কথা বলা হয়েছে।
৫. কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া বাইরে বের হওয়া যাবে না
২৪ ঘণ্টা পার হলেই পরিবেশ নিরাপদ হয়ে গেছে, এমন ধারণা না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদে বের হওয়ার পথ ও স্থান সম্পর্কে সরকারি ঘোষণা এবং জরুরি সম্প্রচারের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। ভবনে আগুন লাগলে বা ভবন ধসে পড়ার আশঙ্কা থাকলে বিকল্প নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এনডিটিভি প্রফিটের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এ ধরনের নাগরিক সুরক্ষা নির্দেশনা প্রচার করা হয়েছে।
তবে এসব নির্দেশনা প্রচারকে আসন্ন পরমাণু হামলার নিশ্চিত পূর্বাভাস হিসেবে দেখার সুযোগ নেই। এটি সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে নাগরিকদের প্রস্তুতি ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করার উদ্যোগ।
