মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে জরুরি সতর্কবার্তা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার সতর্কবার্তা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, অর্থ লেনদেন বা অন্য কোনো প্রক্রিয়ায় অংশ নিলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত কোনো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। একই সঙ্গে কর্মীদের পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা করানো বা কোনো ধরনের অর্থ গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মসংস্থান সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করা যাবে। এছাড়া মালয়েশিয়া-সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সঙ্গে টেলিফোন, ই-মেইল বা মোবাইল ফোনের মাধ্যমেও যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নির্দেশনা জারি করলেই তা যথাসময়ে গণমাধ্যম ও সরকারি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত গুজব বা অননুমোদিত তথ্যের ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন বা নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
