জয়মনির ঘোলে কোস্ট গার্ডের RO প্ল্যান্ট, নিরাপদ সুপেয় পানির সুবিধা পেল স্থানীয়রা
মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে একটি আধুনিক RO (Reverse Osmosis) প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্ল্যান্টটি স্থাপন করা হয়। দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে স্থাপিত এ RO প্ল্যান্টের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের এলাকার সাধারণ মানুষ নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা পাবেন। এতে দীর্ঘদিনের পানির সংকট দূর হওয়ার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
