মূল লেখায় যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে আজও উত্তাল মিরপুর এইমাত্রঅন্যান্য ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে আজও উত্তাল মিরপুর পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী এইমাত্রঅন্যান্য পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদ খানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বিপাশা হায়াতের মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের এইমাত্রঅন্যান্য হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা এইমাত্রঅন্যান্য মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, আলাভেসকে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সা এইমাত্রঅন্যান্য ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোল, আলাভেসকে উড়িয়ে শীর্ষে ফিরল বার্সা নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের দাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের দাবিতে বিক্ষোভ
অন্যান্য

হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের

প্রতিবেদক:
হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফকে হত্যা, সন্দেহ রাষ্ট্রপক্ষের

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে তাহসিফকে হত্যা করা হয়ে থাকতে পারে।

শনিবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আদালতে রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, তাহসিফ সাউরি শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করেছিলেন এবং পরবর্তী সময়ে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদারও একই অভিযোগ তুলে ধরে বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় শেখ হাসিনার দেশত্যাগের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটি তাহসিফ ধারণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জের ধরে তাকে হত্যার পরিকল্পনা হয়ে থাকতে পারে।

অন্যদিকে, দীপের পক্ষে আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ রিমান্ড আবেদন বাতিলের দাবি জানান। শুনানিতে তারা বলেন, তাহসিফের সঙ্গে দীপের পারিবারিকভাবে প্রায় ছয় বছরের সম্পর্ক ছিল। শুরু থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও তারা অস্বীকার করেন।

আইনজীবীরা আরও বলেন, তাহসিফের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে তারা জানতে পেরেছেন। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তারাও প্রকৃত ঘটনা উদঘাটনের পক্ষে বলে আদালতকে জানান।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার সাংবাদিকদের জানান, দীপের বিরুদ্ধে তথ্য গোপন, অপরাধের আলামত নষ্ট করা বা অপরাধীকে শাস্তি থেকে বাঁচানো এবং যৌথ দায়বদ্ধতার অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ২০৩, ২০১ ও ৩৪ ধারায় এসব অভিযোগ করা হয়েছে।

যেভাবে গ্রেপ্তার হন দীপ
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাহসিফের বাবা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। মধ্যরাতে তাহসিফের সঙ্গে ওই এলাকায় যাওয়ার কথাও স্বীকার করেছিলেন দীপ।

দীপের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে তারা একসঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খান। পরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি।

যেভাবে উদ্ধার হয় তাহসিফের লাশ
গত বুধবার বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নেমে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ।

এ ঘটনায় শুক্রবার রাত ১টা ৫ মিনিটে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে ওই মামলায় সন্দেহভাজন হিসেবে দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় এক স্বজনকে উদ্দেশ করে দীপ বলেন, ‘আমি ফুললি স্ট্রং।’ একই সঙ্গে তাকে নিয়ে দুশ্চিন্তা না করার কথাও বলেন তিনি।