সীতাকুন্ডে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন রাব্বি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যখন এইচএসসি ফলাফলে রেকর্ড বিপর্যয়৷ সেই সাথে হ্রাস পেয়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা৷ তখন পা দিয়ে লিখেই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বি।
এক সড়ক দুর্ঘটনায় দুটি হাত হারিয়ে ফেললেও এই স্বপ্নবাজ মেধাবীর শিক্ষা জীবন থেমে থাকেনি। দুর্ঘটনার ধকল ও শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে করা এই মেধাবী শিক্ষার্থী চলতি এইচএসসি পরীক্ষায় দেখিয়েছেন অসাধারণ সাফল্য৷ তাঁর এই অর্জনকে ফুললের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিয়েছেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম। এখানেই শেষ নয়, এ অনন্য মেধাবী শিক্ষার্থীকে সরকারি খাসজমিতে একটি ঘর নির্মাণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ইউএনও ফখরুল ইসলাম মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির সাথে আলাপচারিতায় তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কে খোঁজ খবর নেন এবং উচ্চশিক্ষা অর্জনের পথে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আমাদের সীতাকুন্ড প্রতিনিধি জানিয়েছেন, রফিকুল ইসলাম রাব্বি স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাতই হারিয়ে ফেলেন। এরপরও থেমে থাকেনি রাব্বি৷ পড়ালেখার প্রতি আদম্য ইচ্ছা শক্তির কাছে এক সময় হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা৷ ধীরে ধীরে পা দিয়েই লেখার চর্চা করে আবারও ফিরে আসে পড়াশোনায়। পা দিয়ে লিখেই স্কুলের গন্ডি পার করে এবার এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে সমগ্র উপজেলায় আলোড়ন উঠেছে রাব্বিকে নিয়ে। যখন চট্টগ্রাম সহ সারা দেশে ফলাফলে দস নেমেছে৷ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গতবারের তুলনাউ জিপিএ-৫ পাওয়ার হার অর্ধেকে নেমে গেছে সেখানে পা দিয়ে লিখে মেধার অনন্য নজির গড়েছেন রাব্বি৷
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও ফখরুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম রাব্বির এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। আমিও সবার মতন তার ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সাফল্যমণ্ডিত হোক, এটাই প্রত্যাশা করি। আগামীতে উচ্চ শিক্ষা সহ সার্বিক বিষয়ে রাব্বিকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি তার বসবাসের উপযোগী করে সরকারি খাসজমিতে একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজের আগামীর স্বপ্নের কথা উল্লেখ করে রফিকুল বলেন, বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। ভবিষ্যতে একজন বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখি। এ জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
