নেত্রকোণায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন
‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’—এই প্রতিপাদ্যে নেত্রকোণায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নেত্রকোণার প্রাকৃতিক সৌন্দর্য, হাওর, নদী, পাহাড় ও ঐতিহাসিক বিভিন্ন পর্যটন স্পটের সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলোতে যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, প্রচার-প্রচারণা ও পর্যটকবান্ধব সুযোগ-সুবিধার ঘাটতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নেত্রকোণার পর্যটন স্পটগুলো দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব। পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন খাতকে জেলার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তিতে পরিণত করা যেতে পারে।
