মূল লেখায় যান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন সালমান মুক্তাদির

প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন সালমান মুক্তাদির

নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে হামলার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির মামলা করেননি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান মুক্তাদির। তিনি দাবি করেছেন, হামলার রাতেই তিনি ক্যান্টনমেন্ট থানায় গিয়ে মামলা করার চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় থানায় অবস্থান করেও মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দেন সালমান।

ভিডিওতে তিনি বলেন, ‘আপনি বলেছেন মামলা দায়ের করা হয়নি। কিন্তু আমি রাতেই ক্যান্টনমেন্ট থানায় গিয়েছিলাম এবং ভোর ৪টা পর্যন্ত সেখানে ছিলাম। এরপর বাসায় ফিরে আসি। তারপরও দুপুর পর্যন্ত মামলা নেওয়া হয়নি। পরে বিষয়টি ভাইরাল হওয়ার পর আপনার বক্তব্য এসেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের প্রসঙ্গ তুলে সালমান বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। অথচ তার ঘটনায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রী অবগত নন—এটি বিস্ময়কর।

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে সালমান বলেন, হামলায় জড়িতদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি তাদের বিএনপির নাম নিতে শোনা গেছে বলে তিনি দাবি করছেন। তবে তিনি বিষয়টির তদন্ত চান এবং রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত হতে চান না বলেও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সালমান বলেন, ‘আমি কনফিউজড—আপনি কি বিএনপির পিআর ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন? এখানে জমি নিয়ে বিরোধ ছিল কি না, চাঁদাবাজি ছিল কি না, কারা জড়িত ছিল—সেটা তদন্তের বিষয়। আমরা তদন্তের জন্য আসিনি, আমরা অ্যাকশনের জন্য এসেছি।’

তিনি আরও বলেন, ঘটনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকায় হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। তার দাবি, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় একটি পরিচিত কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে হামলার ঘটনাকে ‘সামান্য ভাঙচুর’ হিসেবে দেখার সুযোগ নেই।

সালমান জানান, হামলায় তার স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা চান না বলেও উল্লেখ করেন। তার ভাষায়, নিজের স্টুডিও পুনরায় তৈরি করার সক্ষমতা তার রয়েছে; তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে সালমান দাবি করেন, হামলাকারীরা ক্যামেরা ও সার্ভার নিয়ে গেছে। তবে বিভিন্ন মোবাইল ফোনে ধারণ করা হামলার ভিডিওসহ অন্যান্য ফুটেজ রয়েছে বলেও জানান তিনি। এসব তথ্যের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই কনটেন্ট ক্রিয়েটর।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মিরপুরের ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখান তিনি। তবে হামলায় কেউ আহত হননি বলে জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রোববার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে তিনি জেনেছেন, চাঁদাবাজির কারণে নয়, বরং জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফেসবুক লাইভে অভিযোগ তোলা হলেও সালমান কেন মামলা করেননি, সেই প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক, যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।’