চলে গেলেন কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম: কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিএনপির সাবেক প্রভাবশালী নেতা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। নিজ বাড়িতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি ৩ জন পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী এই বীর মুক্তিযোদ্ধা দেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। যুদ্ধপরবর্তী সময়ে তিনি এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর -৫ আসনের সাংসদ ফজলুল হক মিলনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুমের জানাজার নামাজ ও দাফনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সোমবার দুপুরে জহুরের নামাজের পর বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
